রূপপুরে দুই রুশ নাগরিকের মারামারি, একজন নিহত, অপরজন আইসিইউতে
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়ে আইসিইউতে আছেন।
জানা গেছে, সোমবার সকালে নিহত কুদরিন সার্গেই (৫৬) ও আহত মেনচেভ (৫৩) নিজেদের মধ্যে মদ্যপানের সময় কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম–এর কর্মী।
ঘটনার পর গ্রিন সিটির কর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে কুদরিন সার্গেই মারা যান। আহত মেনচেভকে বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন