টেকনাফে পুকুরে গোসলের সময় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে গোসল করার সময় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাহিদ হাসানের ছেলে মো. এরশাদ (১২) এবং একই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে খলিলুর রহমান (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পুকুরে কয়েকজন শিশু গোসল করতে নামে। সাঁতার কাটার সময় এরশাদ ও খলিলুর রহমান পানিতে ডুবে যায়। অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের খুঁজে উদ্ধার করেন।
দুই শিশুকে মৌচনী ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ক্যাম্প মাঝি বদরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং হঠাৎ ঘটে গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে