Views Bangladesh Logo

‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ দুটি বেসরকারি বিল সংসদ থেকে প্রত্যাহার

জাতীয় সংসদে উত্থাপনের পর ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’—এই দুটি বেসরকারি বিল প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম কার্যদিবসে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের অনুরোধে তিনি সেগুলো প্রত্যাহার করে নেন।

আইনমন্ত্রী বলেন, বিল দুটির উদ্দেশ্য বিদ্যমান আইনেই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, জুয়া আইন, ২০২৬ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মদসংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত আছে। তাই নতুন করে একই ধরনের আইন প্রণয়নের প্রয়োজন নেই।

পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, যেহেতু বিল উত্থাপনকারী সদস্য নিজেই বিল প্রত্যাহারে সম্মত হয়েছেন, তাই বিষয়টি ভোটে তোলা হবে না।

বিল দুটিতে যে প্রস্তাব ছিল
মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬-এর প্রস্তাবে দেশে মদ্যপান, মদজাতীয় পানীয় এবং জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল। প্রস্তাবনায় বলা হয়, তরুণ ও যুবসমাজকে মদ ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং জনস্বাস্থ্য ও নৈতিকতা উন্নয়নের লক্ষ্যেই আইনটি আনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

অন্যদিকে, ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬-এ ময়নাতদন্ত পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব ছিল। এতে নারীদের ক্ষেত্রে পর্দার আড়ালে ও শরিয়াহসম্মত পদ্ধতিতে ময়নাতদন্তের ব্যবস্থা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের ভিত্তিতে কিছু ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ ধর্মীয় রীতিতে দাফন বা সৎকারের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে এই বিলটিও শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ