ফরিদপুরে দুই প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ফরিদপুরের দুটি সংসদীয় আসনের দুটি ভোটকেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ভোটকেন্দ্রে অবৈধভাবে বহিরাগতদের প্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন—ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম।
বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে ওই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে অবৈধভাবে বহিরাগতদের প্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে