Views Bangladesh Logo

গোপনে ডিসি কার্যালয়ের ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ নামের একটি পত্রিকার প্রতিনিধি এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলার সময় সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কক্ষের বাইরে দুজন ব্যক্তি প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করছেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি নজরে আসে।

পরে তাদের তল্লাশি করা হলে রিয়াজ উদ্দিনের জামার বুকপকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ওই ফোনে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণ চালু ছিল। তিনি গোপনে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ভিডিও করছিলেন বলে দাবি করেন এনডিসি।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাদের পরিচয় নিয়েও সন্দেহ তৈরি হলে পরে পুলিশে সোপর্দ করা হয়।

তবে আটক রিয়াজ উদ্দিন ও শহীদ বাদশা সবুজের দাবি, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগটি নিয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় তারা হয়রানির শিকার হন বলে দাবি করেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে কার্যালয়ের কর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেন।

গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে তারা ভুল হয়েছে বলে স্বীকার করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ