সাভার ও আশুলিয়ায় পার্কিংয়ে রাখা দুই বাসে আগুন
সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা আরেকটি বাসে আগুন লাগার খবর পায় ধামরাই ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তাদের যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। পৃথক দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন