Views Bangladesh Logo

আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ

মন্ত্রিসভা ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দু’টি অধ্যাদেশকে আইন হিসেবে রূপান্তরিত করার প্রস্তাব অনুমোদন করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে রূপান্তরিত করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা বরাদ্দকৃত সীমা অতিক্রম করলে সম্পূরক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ ভেঙে যাওয়ায় সময়মতো তা সম্ভব হয়নি।

নাসিমুল গনি আরও জানান, এই পরিস্থিতিতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছিল, যা এখন আইন হিসেবে রূপান্তরিত হচ্ছে।

এছাড়াও, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে রূপান্তরিত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করতে হয়, কিন্তু সংসদের অনুপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। একই কারণে ধারা ৯৩ অনুযায়ী অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা এখন আইন হিসেবে প্রণীত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ