শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত ২ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শপথ গ্রহণকারীরা হলেন শেরপুর-৩ আসনের বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা। শপথ শেষে রীতি অনুসারে তাঁরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয় পেয়েছেন উভয় এমপি। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অপর প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।
অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদ (মার্কসবাদী)-এর মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।
জেলা নির্বাচন কমিশন জানায়, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ছাড়া)। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬।
কর্মকর্তারা জানিয়েছেন, এই শপথগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ সংসদে দুই সাংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে