প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য: এনসিপির দুই নেতাকে বগুড়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগ তুলে এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে বগুড়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন সাবেক ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের নেতাদের একটি অংশ। একই সঙ্গে বিক্ষোভকারীরা এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরের ব্যানার খুলে আগুন দেন।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় ‘সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের’ ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির জাতীয় পদযাত্রা উপলক্ষে সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপর গাজী সালাউদ্দীন তানভীরের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়েছিল। সম্প্রতি তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন—এমন অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ওই ব্যানার খুলে নামান।
পরে ব্যানারে থাকা তানভীরের ছবিতে জুতাপেটা করা হয় এবং শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানারটিতে আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন দাবি করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্য গাজী সালাউদ্দীন তানভীরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে তাকে বগুড়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশ থেকে গাজী সালাউদ্দীন তানভীরের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকেও বগুড়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
মতামত দিন