মোহাম্মদপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত, আহত দুজন
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন দুই ছিনতাইকারী সুজন ও হানিফ। আহত অন্য দুজন শরিফ (২২) ও ফয়সাল (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা সুজন (১৯) ভোলার বোরহানউদ্দিন উপজেলার চারিত্রা গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও শাহানাজের ছেলে এবং হানিফ (২০) ভোলার লালমোহন উপজেলার শিবপুরের মৃত জাহাঙ্গীর ও রানু বিবির ছেলে। দুজনেই মোহাম্মদপুরের ৩ নম্বর বসিলা রোডে থাকতেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন সুজন ও হানিফকে ধরে ফেলে গণপিটুনি দেন। কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে গ্রিন সিটি হাউজিংয়ের ৩ নম্বর সড়কে অনুরূপ ঘটনায় গণপিটুনি দেয়া হয় হানিফ ও ফয়সালকে।
গুরুতর আহত চারজনকেই উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে সুজন ও হানিফকে জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটে (নিটোর) রেফার করা হয়। নিটোরে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তারা। বিকেলে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, দুজনের বিরুদ্ধেই ছিনতাই ও ডাকাতির চারটি করে মামলা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে