Views Bangladesh Logo

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শরিফুল ইসলাম (৩০) এবং রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ‘লাল সবুজ পরিবহন’ নামে একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে একই লেনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ