Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে। অন্যদিকে মো. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী জিয়াউদ্দিন হায়দারকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সাইমুম পারভেজকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ২ এপ্রিল প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান, একজন সচিব এবং আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় দায়িত্ব পান। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়।

এ ছাড়া মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর কয়েক দফায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন রয়েছেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ