Views Bangladesh Logo

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়াদের একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা চঞ্চল হোসেনের ছেলে ইব্রাহিম (৮ মাস)। শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, আইজা (৫ মাস ২০ দিন) নামে আরেক শিশু একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে এবং গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, ইব্রাহিম হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল।

এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আইজাও হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ৩০ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর আগে একইদিন ভোরে আফরান নামে আরও এক আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের হাম শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ