Views Bangladesh Logo

সুন্দরবনে ফের দুই বনজীবী অপহরণ

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে আবারও দুই বনজীবীকে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় জলদস্যুদের হাতে তারা অপহৃত হন।

অপহৃত দুই বনজীবী হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।

সহযোগী বনজীবীদের সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। ইসমাইল শেখ মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের উদ্দেশ্যে বনাঞ্চলে যান। রোববার সকালে মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা দুটি নৌকায় করে এসে তিনটি নৌকা থেকে তাদের জিম্মি করে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি বলে জানা গেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, বনজীবী অপহরণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অনেক ক্ষেত্রে জিম্মিদের নিরাপত্তার কথা বিবেচনায় স্বজনরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন না। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ