ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪২৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগ এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে নতুন ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মতামত দিন