ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২৭
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন ঢাকা বিভাগ এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রাণ হারিয়েছেন ৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যুও হয়েছে ঢাকা বিভাগে।
বরিশাল বিভাগে নতুন করে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪৩ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকা জেলার হাসপাতালগুলোতে আরও ৬১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে চিকিৎসা শেষে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৮০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মতামত দিন