২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,২৩৬
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৩৫ জন।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৯ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপসর্গভিত্তিক রোগী ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত হাম রোগীর হিসাব থেকে আলাদাভাবে রাখা হচ্ছে। ফলে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে সন্দেহভাজন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর পরিসংখ্যান পৃথকভাবে প্রকাশ করা হচ্ছে।
মতামত দিন