হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৪
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১১৪ জনের শরীরে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬২৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—২৬৯ জন। এর বাইরে রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮০ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৮৮৬ জন, যাদের মধ্যে ৮২১ জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ৬৩ জন, সিলেটে ৫৪ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ২৪ জন এবং রংপুরে ৮ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।
মতামত দিন