Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৮০৫

দেশজুড়ে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৪ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মারা যাওয়া ৮০৫ শিশুর মধ্যে ৯৫ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছিল। বাকি ৭১০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এদিকে, গত একদিনে নতুন করে ১৬৬ জনের শরীরে হামের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৮৪৮ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ২০০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ