ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হলো।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়। নিহতদের একজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং অপরজন ফরিদপুর সদর উপজেলার হারুকান্দির মোহাম্মদ কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।
সিভিল সার্জন জানান, একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন। তিনি বলেন, 'অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে আনতে হবে।'
ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ জানান, হামে আক্রান্ত শিশুরা জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। তার মতে, দেরিতে হাসপাতালে আনার কারণে অনেক ক্ষেত্রে জটিলতা বাড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে