Views Bangladesh Logo

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে একই উপসর্গে মোট ২২ শিশুর প্রাণহানি ঘটল।

মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়, তার বয়স ১০ মাস। সে গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ৩০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্য শিশুটির বয়স পাঁচ মাস; সে হাসপাতালে ভর্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

চিকিৎসকদের মতে, মৃত শিশুরা হামের জটিলতা থেকে সৃষ্ট নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো জটিলতায় আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। এছাড়া সংকটাপন্ন অবস্থায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ জন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯১১ জন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, হাসপাতালে আসা অধিকাংশ রোগীই সুস্থ হয়ে উঠছেন। তবে দেরিতে হাসপাতালে আসায় নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হয়ে কারো কারো মৃত্যু হচ্ছে। তিনি শিশুদের সময়মতো ‘হামের টিকা’ প্রদান এবং প্রাথমিক অবস্থায় হামের উপসর্গ দেখা মাত্রই দ্রুত হাসপাতালে ভর্তির জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ