হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত দুই হজযাত্রী হলেন- গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন। হজ অফিসের তথ্যমতে, এদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী।
হজ অফিস জানায়, এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন গেছেন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
এছাড়া হজযাত্রীদের চিকিৎসাসেবায় স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি হজ পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে