সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ৯
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট নয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ মৃত্যুবরণকারী দুই হজযাত্রী হলেন—ফরিদপুর সদর উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা দুজনেই বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছিলেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উভয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মৃত ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। এর মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
অন্যদিকে হজযাত্রী পরিবহনের সবশেষ পরিস্থিতি নিয়ে বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত মোট ১১৮টি হজ ফ্লাইটে ৪৬,৫১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৭০১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪১,৮১৩ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে