Views Bangladesh Logo

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ৬

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সবশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন—জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮)। এর মধ্যে আব্দুল হাই মদিনায় এবং আব্দুল্লাহ আল মামুন মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উভয়েই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

হজ বুলেটিন সূত্রে আরও জানা গেছে, এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সিরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নঈম উদ্দিন মন্ডল (৭৫) মারা যান। তারা সকলেই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মারা গেছেন।

এদিকে এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সর্বমোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন যাত্রী রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের বহনকারী ফ্লাইট চলবে। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ