‘মব’ করে ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বহরমপুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কি-না তা জানা যায়নি।
গ্রেপ্তারকৃতরা দুজন হলেন—বহরমপুর এলাকার আলী আকবর হোসাইন ও দেলোয়ার হোসেন ওরফে দুলাল।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সম্পৃক্ততা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ নামের একটি দল মিছিল নিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যায়। তারা জোর করে উপাচার্যের কক্ষে ঢুকে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওইদিন রাতেই রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মতামত দিন