থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই তরুণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল পদে কর্মরত। তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী কনস্টেবল। বাসার কাছাকাছি নির্জন স্থানে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণের একজন পেছন থেকে তার মুখ চেপে ধরে। পরে তাকে টেনেহিঁচড়ে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিল। নারী পুলিশ সদস্যের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী জানান, তার স্ত্রী প্রায়ই দায়িত্ব শেষে হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও তিনি পুলিশের পোশাকে ছিলেন না। বাসার কাছে পৌঁছানোর পরই পেছন থেকে এক তরুণ তার স্ত্রীর মুখ চেপে ধরে এবং জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে পালিয়ে যেতে দেখা গেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেয়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
মতামত দিন