মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই ছাত্রী, চার দিনেও মেলেনি সন্ধান
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাদ্রাসার দুই ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দুই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩)। মাহিমা চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের সৌদি আরবপ্রবাসী মহি উদ্দিনের মেয়ে। আর তানিশা একই এলাকার দুবাইপ্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মাহিমা ও তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি জিডি করেন। রোববার রাত পর্যন্ত পুলিশ তাদের কোনো সন্ধান দিতে পারেনি।
নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, মেয়েদের সন্ধান না পাওয়ায় তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে স্থানীয় কয়েকজনের আশঙ্কা, দুই ছাত্রী কোনো মানবপাচারকারী চক্রের কবলে পড়তে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দ্রুত তাদের উদ্ধার করা না গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা করছে।
মতামত দিন