Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এলপিজিবাহী দুই জাহাজ, চলতি মাসে আসছে আরও ৪টি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং চলমান গ্যাস সংকট কাটাতে ভারত ও মালয়েশিয়া থেকে আসা এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বহনকারী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এছাড়া চলতি মাসে আরও চারটি এলপিজি ও এলএনজি জাহাজে (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

এ ব্যাপারে রোববার (১২ এপ্রিল) বন্দর সচিব জানান, মালয়েশিয়া থেকে এলপিজি এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামের দুটি জাহাজ শনিবার রাতে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। বর্তমানে জাহাজ দুটি বন্দরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

বন্দর সূত্র জানায়, খুব শিগগিরই লাইটারেজ জাহাজের মাধ্যমে গ্যাস খালাসের প্রক্রিয়া শুরু হবে।

সূত্র আরও জানায় রোববার যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের একটি বড় জাহাজ এলএনজি নিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামে আরও একটি জাহাজের বন্দরে আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যানুসারে, ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লোবিতো’ নামের আরেকটি জাহাজ এসে পৌঁছাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ধাপে ধাপে এসব জাহাজের আগমন স্থানীয় বাজারে এলপিজি ও শিল্প গ্যাসের সংকট কমিয়ে আনবে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা চললেও বিকল্প বিভিন্ন উৎস থেকে গ্যাস ও তেল আমদানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার।

বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হলো দেশীয় উৎপাদনের পাশাপাশি আমদানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ