নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আয়নাল হক (৫৭)। অপর নিহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন— আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি (এমবিবিএস) এবং ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা মো. মনির হোসেন (২৩)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে