বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী তার সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোররাতে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি অসাবধানতাবশত মহাসড়কের উল্টো (বিপরীতমুখী) লেনে উঠে পড়ে। এ সময় সামনের দিক থেকে আসা ভুট্টাবাহী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও আরোহী জুবায়েদুল ইসলাম মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন