শেরপুরে অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ নিহত ২
শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে ভস্মীভূত হয়েছে একটি বাড়ি এবং দগ্ধ হয়ে মারা গেছে ৪টি গরু।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭)। নিহত ফিরোজা পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোরের দিকে আমান উল্লাহর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে শিশু শরিফের মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। ফিরোজা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ৪টি গরুও মারা যায়।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে