Views Bangladesh Logo

বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, যশোরে ২ তরুণ নিহত

যশোরের শার্শা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখে ফেরার পথে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন একই গ্রামের রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং ট্রলির হেলপার নীরব। ট্রলিচালক ও হেলপার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত রুবেল, ট্রলিচালক ও হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ