Views Bangladesh Logo

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ দুর্ঘটনায় দুজন নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাস এলাকায় পণ্যবোঝাই একটি পিকআপ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন (৩৭) নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন যশোর জেলার বালিয়াডাঙ্গা রাজারহাট এলাকার মিজানুর রহমানের ছেলে। অপর নিহত ইছারুল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জীবন মিয়ার ছেলে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিলয় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনাকবলিত পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৬০৭২।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ