Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে বাস-নছিমন সংঘর্ষে চালক-সহকারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চেকপাড়া নতুন সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার আয়ুব আলীর ছেলে মিজানুর (৩৬) এবং শিবরামপুর এলাকার মৃত সাধন মণি দাসের ছেলে দুলাল মণি দাস (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকায় কাঠ নামিয়ে নছিমনটি বাড়ৈখালীর দিকে ফিরছিল। লস্করপুর নতুন সড়ক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক ও সহকারী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত দুলাল মণি দাসের ভাই স্বপন মণি দাস জানান, শিবরামপুর বাজারের জন্য কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন তার ভাই। ফেরার পথে বৈশাখী পরিবহনের একটি বাস নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি ও চালক নিহত হন।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ