মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়াও এই ত্রিমুখী সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (রবিবার) সকালে ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সকাল ১০ টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। এতে সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারীরা মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবংবেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে