চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ককটেল তৈরির সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয়। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে আহত হন ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে