চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত দুইজনের পরিচয় শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)। আহতরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিহত দুইজনের মরদেহ জেলা হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে