ত্রিশালে ট্রাক-সিএনজি দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে ফয়জুল (৩৪) ও রুবেল (৩০) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্য দুই আহত হৃদয় (২২) ও নাবিল (২২) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
মতামত দিন