Views Bangladesh Logo

ঈশ্বরদীতে শিশুকে রক্ষা করতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের চাপায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান ওই মোটরসাইকেল চালক।

রোববার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলিফ (৮)। সে পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে মোটরসাইকেল চালকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, আলিফ তার মায়ের সঙ্গে পাকশী বেড়াতে গিয়েছিল। রাতে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কোলইকান্দি বটতলা এলাকায় অটোরিকশাটি হঠাৎ একদিকে ঝুঁকে গেলে মায়ের কোলে থাকা আলিফ সড়কে ছিটকে পড়ে যায়।

ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দেন। একই সময় পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল চালক শিশুটিকে রক্ষার চেষ্টা করলে তারা দুজনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে অটোরিকশা ও ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এ ঘটনায় আহত শিশুর মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ