Views Bangladesh Logo

বগুড়ায় বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮), তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসচালক সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ