যাত্রী উঠানোর সময় অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রী উঠানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে বাবুল দে (৬৫)। আহতদের মধ্যে রয়েছেন জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, মো. ইহসান ও মশিউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনজিত ধর ও বাবুল দেসহ কয়েকজন দোহাজারীর দিকে যাওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে ওঠেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে