Views Bangladesh Logo

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার শ্রী ঠাকুর হালদার (৭০) ও কামারখন্দ উপজেলার অটোরিকশাচালক আশিক হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় দ্রুতগতির অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক হোসেন ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ