রাজশাহীতে বাইক স্টান্টের মর্মান্তিক পরিণতি, ট্রাকের নিচে পড়ে নিহত ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেল স্টান্ট করতে গিয়ে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেশরহাট এলাকার সাকেয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইয়ুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)। আহত স্বাধীন (২২) নিহত রাতুলের বড় ভাই। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে করে রাজশাহী-নওগাঁ সড়কে ঝুঁকিপূর্ণভাবে স্টান্ট করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নওগাঁ থেকে রাজশাহীগামী ১০ চাকার বালুবাহী ট্রাকের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক ও একজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী গুরুতর আহত হন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন