Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে মসজিদের ইমামসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন স্থানীয় একটি জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান এবং ব্যবসায়ী আক্তার মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে বিরোধের সূত্রপাত। সে সময় বিএনপি সমর্থক জিয়াউর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন। ওই ঘটনায় প্রতিপক্ষদের সন্দেহ করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

এরই জেরে কয়েক দিন আগেও সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে আবার রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম মিয়া গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে দুইজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ