পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে