চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত
চাঁপাইনবাবগঞ্জে কর্মরত দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় মদ্যপান অবস্থায় ৬-৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে। এতে বাঁধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে