রাজধানীতে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪
রাজধানীর আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা চালানোর ঘটনায় পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এ অভিযান চালায় ডিএমপি।
এ ব্যাপারে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ৭-৮ জন দুষ্কৃতকারীকে ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা চালালে তারা ধারালো চাপাতি নিয়ে সরাসরি পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদাবর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন