Views Bangladesh Logo

বাংলাদেশিকে তুলে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনা হয়, বৈঠকে হস্তান্তর

মেহেরপুর সদর উপজেলার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে সীমান্তসংলগ্ন এলাকায় মরিচখেতে কীটনাশক দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন ৭০ বছরের বেশি বয়সী বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান। তার নাতি ইব্রাহিম জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশে মরিচখেতে যাওয়ার সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের দুই নাগরিককে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।

আটক দুই ভারতীয় হলেন নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার এবং ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে বিজিবি আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দেয়।

বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনজনকে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ