Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে ফের ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের ৫ কেজি ১২০ গ্রাম ‘কুশ’সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেন ডিএনসি কর্মকর্তারা। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় নামার পর সন্দেহভাজন ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের পাশাপাশি তাঁদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, নগদ ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি এবং ৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন ।

ডিএনসি জানিয়েছে, ‘কুশ’ একটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক সিন্থেটিক ড্রাগ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মাদকের বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট ৪ কেজি ১৮০ গ্রাম কুশের একটি চালান জব্দ করা হয়। সে সময় চালানের সাথে জড়িত আকাশ দুবে ও আকাশ পান্ডে নামে দুই ভারতীয় নাগরিক ট্রলি ব্যাগ এবং পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

পরবর্তীতে ২২ আগস্ট ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে আসা ভারতের কর্ণাটকের বাসিন্দা হোসেন আব্দুল কাদের শেখকে ৩ কেজি কুশসহ গ্রেপ্তার করা হয়। এর দুদিন পর, ২৪ আগস্ট একই বিমানবন্দর থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশসহ পশ্চিমবঙ্গের বাসিন্দা সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে ডিএনসি।

সর্বশেষ এই চালানের মাধ্যমে ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন তৈরি হওয়া এই সিন্থেটিক মাদকের চোরাচালান নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ