Views Bangladesh Logo

লিবিয়ায় যুবককে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, সিংড়া থেকে গ্রেপ্তার ২

লিবিয়ায় এক বাংলাদেশি যুবককে জিম্মি করে পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মো. সাইফুল (৩৯) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় দুই বছর আগে সোহেল নামের এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে পৌঁছানোর পর মানবপাচারকারী চক্রের সদস্যরা তাঁকে আটকে রেখে পরিবারের কাছে টাকা দাবি করে।

মামলার তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি ফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুলকে জিম্মি করা হয়েছে। তাঁকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি সাইফুলের সঙ্গে পরিবারের সদস্যদের কথা বলিয়ে দেওয়ার আগেও মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধের শর্ত দেওয়া হয়।

স্বামীর জীবন রক্ষার আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে কয়েক দফায় টাকা পাঠান সাইফুলের পরিবারের সদস্যরা। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া বিভিন্ন নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগের ব্যবস্থা করেনি অপহরণকারীরা।

এরপর সোহেল পরিচয়ে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সাইফুলের বিষয়ে সব তথ্য জানেন দাবি করে তাঁকে উদ্ধারে নিজে লিবিয়া যাওয়ার আশ্বাস দেন ওই ব্যক্তি। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছে যোগাযোগের চেষ্টা করলেও ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাঁদের কাছ থেকেই বাবার মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন আব্দুস সামাদ। এরপর থেকে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

ছেলের জীবন নিয়ে উদ্বেগ এবং প্রতারণার শিকার হয়ে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানবপাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন আব্দুস সামাদ। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডির টিএইচবি শাখা। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার ও সোহেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চক্রের বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সাইফুলকে কোথায় আটকে রাখা হয়েছে, তা জানার পাশাপাশি তাঁকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ